তেহরানের এভিন কারাগারে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭১
তেহরানের এভিন কারাগারে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিজান নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বিচার বিভাগীয় মুখপাত্র আসগার জাহাঙ্গীর জানান, নিহতদের মধ্যে কারা কর্মকর্তা, তরুণ সামরিক সদস্য, বন্দি, বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা তাদের পরিবারের সদস্য এবং কারাগারের আশপাশে বসবাসকারী প্রতিবেশীরাও রয়েছেন।
ইরান ও ইসরায়েলের মধ্যে স্বল্পমেয়াদি একটি বিমান যুদ্ধের অবসান ঘটার পরপরই গত ২৩ জুন এই ঘটনাটি ঘটে। জানা গেছে, এভিন কারাগারটি ইরানের রাজনৈতিক বন্দিদের জন্য সবচেয়ে কুখ্যাত স্থাপনা হিসেবে পরিচিত।
আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের হামলা ইসরায়েলের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। তারা শুধু তেহরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাতেই নয়, এর বাইরে গিয়ে ইরানের শাসন ব্যবস্থার প্রতীকী স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করছে।
আসগার জাহাঙ্গীর বলেন, এভিন কারাগারের প্রশাসনিক ভবনের একটি অংশ ধ্বংস হয়ে গেছে। এর ফলে ব্যাপক প্রাণহানি ঘটে। প্রাণে বেঁচে যাওয়া বন্দিদের তেহরান প্রদেশের অন্যান্য কারাগারে সরিয়ে নেয়া হয়েছে।
প্রসঙ্গত, এই কারাগারে অনেক বিদেশি নাগরিক আটক রয়েছেন। এর মধ্যে তিন বছর ধরে আটক থাকা দুই ফরাসি নাগরিক সেসিল কোলার ও জাক প্যারিস রয়েছেন।
এই হামলার ঘটনাটিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে এক্সে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো বলেন, ‘তেহরানের এভিন কারাগারে হামলার পর আমাদের নাগরিক সেসিল কোলার ও জাক প্যারিস বিপদের মুখে পড়েছেন।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে