Views Bangladesh Logo

আফগানিস্তানে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় ১৭ শিশুসহ নিহত ৭১

ফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ট্রাক-বাস-ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭১ জন। নিহতদের মধ্যে শিশু ও কিশোরও রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে হেরাতের গুজারা শহরে ইরান থেকে কাবুলগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগামী অবস্থায় প্রথমে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। কিছুক্ষণ পর বাসটি একটি জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং অধিকাংশ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানিয়েছেন, বেপরোয়া গতি ও চালকের অসতর্কতাই দুর্ঘটনার প্রধান কারণ। নিহতদের মধ্যে ট্রাকচালক, তার সহকারী ও মোটরসাইকেলের দুই আরোহী ছাড়া সবাই বাসযাত্রী। এ দুর্ঘটনায় মাত্র তিনজন যাত্রী বেঁচে গেছেন।

কর্তৃপক্ষ জানায়, নিহত বাসযাত্রীরা সবাই আফগান নাগরিক এবং এর আগে ইরানে শরণার্থী হিসেবে বসবাস করছিলেন। চলতি বছরের শুরুতে ইরান সরকার আফগান শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিলে তারা দেশে ফিরছিলেন। এ পর্যন্ত ১০ লাখেরও বেশি আফগান শরণার্থী ইরান থেকে দেশে ফিরেছেন।

আফগানিস্তানে দুর্বল সড়ক নেটওয়ার্ক, দুর্গম পাহাড়ি পথ ও চালকদের অসতর্কতার কারণে প্রায়ই বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। গত বছর ডিসেম্বরে একই ধরনের এক ঘটনায় জ্বালানি ট্যাংকার ও বাসের সংঘর্ষে ৫২ জন প্রাণ হারিয়েছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ