গির্জা থেকে চুরি যাওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি যাওয়া প্রায় ৭০ কেজি ওজনের একটি পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশে পরিত্যক্ত অবস্থায় ঘণ্টাটি পাওয়া যায়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম জানান, আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দ্বিতীয় তলার খোলা জায়গায় ঘণ্টাটি রাখা ছিল। বৃহস্পতিবার রাত ১২টা ৩ মিনিটের পর কোনো একসময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা সেটি নিয়ে যায়।
ভোর ৪টা ৩৫ মিনিটে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। পরে চুরি যাওয়া ঘণ্টা উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।
পুলিশের অভিযানের মধ্যেই চোর বা চোরেরা ঘণ্টাটি ফেলে পালিয়ে যায় বলে জানান ওসি। পরে জাকির হোসেন রোডের ডাস্টবিনের পাশে সাদা পলিব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।
চুরির আগে রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ ছিল। ওই সময় থেকে রেকর্ডিং বন্ধ থাকার কারণও তদন্ত করছে পুলিশ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
উদ্ধার করা ঘণ্টাটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন