Views Bangladesh Logo

দুই বছরে জাতীয় গ্রিডে যোগ হবে ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগামী দুই বছরের মধ্যে ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে বলে আশা করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার (২৬ নভেম্বর) প্রতিমন্ত্রী নিজের অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশার খবর দেন।

প্রতিমন্ত্রী বলেন, গত সাত থেকে আট মাসে আমাদের গ্রিডে নতুন করে ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হয়েছে। বেশ কিছু কূপে নতুন করে গ্যাস পাওয়া যাচ্ছে; কিন্তু সেগুলো প্রসেস প্ল্যান্ট এবং সঞ্চালন লাইন রেডি না হওয়াতে গ্রিডে আসতে পারছে না। তিনি মনে করন, প্রসেস প্ল্যান্ট এবং সঞ্চালন লাইন নির্মাণের কাজ সমন্তরালভাবে চললেও এসব গ্যাস গ্রিডে যোগ করতে দুই বছরের মতো সময় প্রয়োজন হবে।

তিনি বলেন, ভোলা গ্যাস ক্ষেত্র আশা দেখাচ্ছে। ভোলার গ্যাস গ্রিডে আনার জন্য পাইপ লাইন নির্মাণে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে নসরুল হামিদ বলেন, ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা পর্যন্ত পাইপ লাইন নির্মাণ করা হবে।

ওয়াক ওভারের পর কৈলাসটিলাতে নতুন করে গ্যাস পাওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। এখানে প্রায় ৭০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, এই গ্যাসের দাম দেশীয় গ্যাসের সঙ্গে তুলনা করলে তিন হাজার ৬০০ কোটি টাকা। আর আমদানি করা গ্যাস এলএনজির দাম হিসেব করলে এর দাম পড়বে ৯ হাজার ৯০০ কোটি টাকা।


তিনি বলেন, সিলেট-১০-এর যে কূপে গ্যাস পাওয়া গেছে সেখান থেকে গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে সময় লাগবে ছয় থেকে সাত মাস।

এখন প্রতিদিন ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এর মধ্যে দেশীয় খনি থেকে প্রতিদিন গড়ে ২ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। বাকিটা আসে আমদানি করা এলএনজি থেকে। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ