ইয়েমেনে সামরিক বাহিনীর অভিযানে ৭ শতাধিক হুথি যোদ্ধা নিহত
ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সেনা অভিযানে অন্তত ৭০০ হুথি যোদ্ধা নিহত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে চালানো অন্তত ২৫৭টি সামরিক অভিযানে এই বিপুল প্রাণহানির পাশাপাশি বিদ্রোহী গোষ্ঠীটির ১৭০টি যুদ্ধযান ও প্রচুর অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি এ তথ্য জানান। তিনি বলেন, সরকারি বাহিনী যুদ্ধবিমান, ড্রোন, ভারী কামান, ক্ষেপণাস্ত্র এবং রকেট লঞ্চার ব্যবহার করে এসব অভিযান পরিচালনা করেছে।
কর্নেল মাজেদ আল-নুজাইলি আরও বলেন, রাজধানী সানা, মিদি, বাকিমসহ আল-জাওফ, মারিব, আল-বায়দা ও লাহিজ ফ্রন্টে অভিযান চালানো হলেও অভিযানের মূল কেন্দ্রবিন্দু ছিল তাইজ অঞ্চলের রণক্ষেত্রগুলো। এসব অভিযানে হুথিদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, সেনা সমাবেশস্থল, অস্ত্র ও গোলাবারুদের ডিপো এবং সামরিক সরবরাহ পথগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
তিনি জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী এসব হামলায় অন্তত ৭০০ হুথি যোদ্ধা নিহত হয়েছে। এ ছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একাধিক সামরিক স্থাপনা ও ১৭০টি সামরিক যান ধ্বংস করা হয়েছে। এর ফলে হুথিদের আক্রমণাত্মক সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেয়েছে এবং সাধারণ মানুষের ওপর তাদের হামলার ক্ষমতা অনেকটাই সীমিত হয়ে পড়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ও একাধিক প্রদেশ দখল করে নিলে ইয়েমেনে তীব্র গৃহযুদ্ধ শুরু হয়। ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে পুনর্দখলে সহায়তা করতে সামরিক হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন জোট। ২০২২ সালের সাময়িক যুদ্ধবিরতির চুক্তি শেষ হওয়ার পর সম্প্রতি দুই পক্ষের মধ্যে লড়াই আবারও চরম আকার ধারণ করেছে।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি
মতামত দিন