হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১০১৯
দেশে হামের প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯১৯ জন, আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০০ জনের।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮১৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনের শরীরে।
একই সময়ে নতুন করে ৩৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬ জনে।
হামের উপসর্গ নিয়ে মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ৪১৩ জনের মৃত্যু হয়েছে। এরপর সিলেট বিভাগে ১৫৭ জন, রাজশাহী বিভাগে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৬৯, বরিশালে ৫৭, খুলনায় ৩৯ এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এসব তথ্য অনুযায়ী, দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেলেও নতুন করে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা এখনো অব্যাহত রয়েছে।
মতামত দিন