হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১,২৪৯
দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৫১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে পরীক্ষায় ৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৬৯৫ জনের।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে চারজন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের হাসপাতালে একজন করে মারা গেছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫১১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২০১ জন, চট্টগ্রামে ১১০ জন, রাজশাহীতে ৯৩ জন, ময়মনসিংহে ৮৯ জন, বরিশালে ৬৮ জন, খুলনায় ৫৫ জন এবং রংপুরে ১৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর পাশাপাশি নতুন করে উপসর্গ দেখা দেওয়া এবং পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হওয়ার ঘটনাও অব্যাহত রয়েছে।
মতামত দিন