বেঙ্গালুরুতে হাসপাতালের দেয়াল ধসে শিশুসহ ৭ জনের মৃত্যু
ভারতের বেঙ্গালুরুতে একটি হাসপাতাল কমপ্লেক্সের ৮ ফুট উচ্চতার একটি দেয়াল ধসে শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) ভারী বৃষ্টিপাতের মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে কর্ণাটক রাজ্য সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এক বিবৃতিতে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জানান, দেয়াল ধসের ঘটনায় এক শিশু এবং চারজন হকারসহ মোট সাতজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পার্শ্ববর্তী কেরালা রাজ্যের বাসিন্দা। মৃতদের মধ্যে একজনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
এই ঘটনাকে অত্যন্ত ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
উপ-মুখ্যমন্ত্রী শিবকুমার আরও জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কয়েক সপ্তাহের তীব্র তাপপ্রবাহ এবং ভ্যাপসা গরমের পর বুধবার বেঙ্গালুরুর আবহাওয়ায় আকস্মিক পরিবর্তন আসে। শহরজুড়ে তীব্র বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং শিলাবৃষ্টি শুরু হয়। এই বৃষ্টি জনজীবনে সাময়িক স্বস্তি আনলেও দেখা দেয় নানা বিপত্তি। শহরের অনেক জায়গায় পানি জমে যায় এবং গাছ উপড়ে পড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। মূলত প্রতিকূল এই আবহাওয়ার মধ্যেই হাসপাতালের সীমানা প্রাচীরটি ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।
সূত্র: রয়টার্স

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে