উত্তরাখণ্ডে টানেলে পানি-ধ্বংসাবশেষ ঢুকে ৭ শ্রমিক নিহত, আটকা ৩
ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে প্রবল স্রোত ও ধ্বংসাবশেষ ঢুকে অন্তত সাত শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পিপলকোটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও কয়েকজন, আর এখনো তিন শ্রমিক টানেলের ভেতরে আটকা রয়েছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, টানেল থেকে এখন পর্যন্ত ১৮ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ধ্বংসাবশেষ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।
জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমারের ভাষ্য, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্মাণাধীন সুড়ঙ্গের ভেতরে হঠাৎ বিপুল পরিমাণ পানি ও মাটি প্রবল বেগে ঢুকে পড়ে। এতে অনেক শ্রমিক বের হওয়ার পথের দিকে ভেসে গেলেও কয়েকজন টানেলের গভীরে আটকা পড়েন।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জরুরি ভিত্তিতে উদ্ধার ও ত্রাণকাজ পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আটকে থাকা শ্রমিকদের নিরাপদে উদ্ধারে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
গত কয়েক দিন ধরে চামোলি জেলায় টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর আগে সোমবারও প্রবল স্রোতে নীতি ভ্যালি এলাকায় একটি ধাতব সেতু ভেসে যায়, যা অঞ্চলটিতে চলমান দুর্যোগ পরিস্থিতিকে আরও প্রকট করে তুলেছে। এনডিটিভি
মতামত দিন