Views Bangladesh Logo

ভারতের দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে বাসে আগুন, নিহত ৭

ভারতের রাজস্থানের দৌসা এলাকায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি চলন্ত স্লিপার বাসের সঙ্গে ট্রেলারের (বড় ট্রাক) মুখোমুখি সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত এবং আরও ২২ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ জুন) রাত আড়াইটার দিকে বাসটি উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে দ্রুত গতিতে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের দৌসা অংশে বিপরীতমুখী একটি ট্রেলারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই দুটি যানবাহনেই আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধারকাজ শুরু করেন।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজন দগ্ধ হয়ে মারা গেছেন, আর বাকী দুজন মাথায় আঘাত পেয়ে প্রাণ হারান।

আহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তাদেরকে উদ্ধার করে দাউসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, চলন্ত অবস্থায় বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। অতিরিক্ত গতিকেও দুর্ঘটনার কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এবং আহতদের পরিচয় নিশ্চিতকরণে কাজ করছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ