জাপান গার্ডেন সিটিতে ৪ দিন বিদ্যুৎহীন সাত ভবন, দুর্ভোগে হাজারো বাসিন্দা
রাজধানীর জাপান গার্ডেন সিটিতে চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো বাসিন্দা। বিদ্যুৎ বিভ্রাটে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। কেউ কেউ বাধ্য হয়ে বাসা ছেড়ে আত্মীয়স্বজনের বাসায় আশ্রয় নিয়েছেন, আবার অনেকের ফ্রিজে থাকা খাবার নষ্ট হয়ে গেছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল পর্যন্ত আবাসনটির ২৬টি ভবনের মধ্যে ৭টিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। কর্তৃপক্ষ বলছে, ভবনগুলোর অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণে সংযোগ চালু করা সম্ভব হয়নি।
বিদ্যুৎ না থাকায় শুধু আলোর সংকটই নয়, পানি সরবরাহও বন্ধ হয়ে গেছে। ফলে রান্না, গোসল, টয়লেট ব্যবহারসহ দৈনন্দিন কাজকর্মে চরম ভোগান্তির মুখে পড়েছেন বলে জানিয়েছেন বাসিন্দারা।
বাসিন্দাদের অভিযোগ, তারা বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করলেও চার দিন ধরে এমন দুর্ভোগের শিকার হয়েছেন।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) জানিয়েছে, জাপান গার্ডেন সিটির নিজস্ব ৩৩ কেভি সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে ডিপিডিসির সহায়তায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে প্রধান কারিগরি ত্রুটি মেরামত করে ১৯টি ভবনে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়। তবে বাকি ৭টি ভবনের অভ্যন্তরীণ বৈদ্যুতিক ত্রুটি এখনো পুরোপুরি সমাধান হয়নি।
জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, একাধিক কারিগরি সমস্যার কারণে সংকট দীর্ঘ হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ কারিগরি দল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
মতামত দিন