Views Bangladesh Logo

পরীক্ষার সময়ে স্মৃতিশক্তি বাড়াতে সন্তানের পাতে রাখুন এই ৭ খাবার

 VB  Desk

ভিবি ডেস্ক

পরীক্ষার মৌসুমে শুধু বেশি পড়াশোনা করলেই হয় না, প্রয়োজন সঠিক পুষ্টিরও। বিশেষজ্ঞরা বলছেন, মস্তিষ্কের কর্মক্ষমতা ঠিক রাখতে দরকার সুষম ও পুষ্টিকর খাবার। এমন কিছু খাবার রয়েছে, যা স্মৃতিশক্তি বাড়াতে, মনোযোগ ধরে রাখতে এবং ক্লান্তি কমাতে বিশেষভাবে সহায়ক। সহজলভ্য ও ঘরোয়া ৭টি খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখলেই মিলতে পারে সুফল।

১. তেলযুক্ত মাছ
ওমেগা–৩ ও ওমেগা–৬ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ মাছ মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে ইপিএ ও ডিএইচএ মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের দেশে সহজলভ্য তেলযুক্ত মাছের মধ্যে রয়েছে ইলিশ, রুই, কাতলা, পমফ্রেট ইত্যাদি। নিয়মিত এসব মাছ খেলে স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ে।

২. ব্লুবেরি
অ্যান্টি-অক্সিড্যান্ট ও ফ্ল্যাভোনয়েডে সমৃদ্ধ ব্লুবেরি মস্তিষ্কের কোষকে সুরক্ষা দেয়। গাঢ় রঙের ছোট ফলগুলো মনোযোগ বাড়াতে ও মানসিক চাপ কমাতে সহায়তা করে।

৩. ডিম
ডিমের কুসুম কোলিনের চমৎকার উৎস, যা স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। পাশাপাশি এতে রয়েছে বি-ভিটামিন ও উচ্চমানের প্রোটিন। পরীক্ষার সময়ে মেজাজ ঠিক রাখা ও মস্তিষ্কের ক্ষয় রোধে ডিম কার্যকর।

৪. বাদাম ও বীজ
আখরোট, আমন্ড, কুমড়োর বীজ ও সূর্যমুখীর বীজে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ই, ম্যাগনেশিয়াম ও জিঙ্ক। এগুলো স্নায়ুকে শান্ত রাখে, ক্লান্তি কমায় এবং মস্তিষ্কের কোষকে সুরক্ষা দেয়।

৫. সবুজ শাকসবজি
পালং, সর্ষে, পুঁই বা হেলেঞ্চার মতো শাকপাতায় রয়েছে ফোলেট, ভিটামিন কে ও লুটেইন। এসব উপাদান রক্ত সঞ্চালন বাড়িয়ে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ উন্নত করে এবং ক্লান্তি দূর করে।

৬. দানাশস্য
মস্তিষ্কের প্রধান জ্বালানি গ্লুকোজ। ব্রাউন রাইস, ওটস, আটার রুটি, জোয়ার বা রাগির মতো দানাশস্য ধীরে ধীরে শক্তি জোগায়, ফলে দীর্ঘসময় মনোযোগ ধরে রাখা সহজ হয়।

৭. ডার্ক চকোলেট
৭০ শতাংশ বা তার বেশি কোকোযুক্ত ডার্ক চকোলেট অল্প পরিমাণে খেলে মন ভালো থাকে এবং মস্তিষ্ক সতেজ হয়। এতে থাকা ক্যাফিন ও অ্যান্টি-অক্সিড্যান্ট ক্লান্তি কমাতে সহায়ক।

বিশেষজ্ঞদের পরামর্শ, পরীক্ষার সময়ে অতিরিক্ত জাঙ্ক ফুড, কোমল পানীয় বা অতিরিক্ত চিনি এড়িয়ে চলা উচিত। পর্যাপ্ত পানি পান ও নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার অভ্যাসও সমান গুরুত্বপূর্ণ। সঠিক খাদ্যাভ্যাসই পারে সন্তানের পরীক্ষার প্রস্তুতিকে আরও কার্যকর করে তুলতে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ