হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৫০
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও হামের মতো উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হলেও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫১ জনে। এর বাইরে নিশ্চিত হামে আরও ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ শিশু হামে আক্রান্ত হয়েছে। এ সময়ে হামের মতো উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৯৮ শিশুর মধ্যে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৯৫৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জনে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৬৫১ জন।
এই সময়ের মধ্যে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
মতামত দিন