Views Bangladesh Logo

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।

জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, নিহতরা একটি গাড়িতে করে মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। কোম্পানির বিপণন ব্যবস্থাপক নুরুজ্জামান জানান, নিহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। এ ছাড়া কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী কন্যাশিশু রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ বিষয়ে স্বজনদের সহযোগিতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে কনস্যুলেট।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ