ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে ৬.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপরই একাধিক শক্তিশালী আফটারশক অনুভূত হয়।
মঙ্গলবার (১৬ জুন) মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহরে প্রায় এক মিনিটেরও বেশি সময় ধরে তীব্র কম্পন অনুভূত হয়। এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও তাৎক্ষণিক হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে নিরাপত্তার কারণে বেশ কয়েকটি হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পালু থেকে ৪৩ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরে সবচেয়ে শক্তিশালী আফটারশকটি ছিল ৫.২ মাত্রার।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই।
উল্লেখ্য, সুলাওয়েসির বাসিন্দাদের মনে এখনো গভীর দাগ রেখে গেছে ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি। সেবার প্রদেশটির পালু শহরে তিন মিটার উচ্চতার সুনামি আঘাত হানে এবং 'লিকুইফ্যাকশন' নামের একটি বিশেষ ঘটনায় মাটি দেবে গিয়ে পুরো আবাসিক এলাকা তলিয়ে যায়। সেই দুর্যোগে চার হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।
এরপর ২০২১ সালের জানুয়ারিতেও সুলাওয়েসির মামুজু শহরের কাছে ৬.২ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১০০ জন নিহত হন এবং আফটারশকের ভয়ে দিনের পর দিন খোলা আকাশের নিচে রাত কাটান হাজারো মানুষ।
সূত্র: এপি
মতামত দিন