Views Bangladesh Logo

হামে আক্রান্ত শিশুদের প্রায় ৬৫ শতাংশই অপুষ্টিতে ভুগছিল: গবেষণা

হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের প্রায় ৬৫ শতাংশই অপুষ্টিতে ভুগছিল। এর মধ্যে ১২ শতাংশ শিশু মারাত্মক এবং ৫৩ শতাংশ মাঝারি মাত্রার অপুষ্টিতে ভুগছিল।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (বিএসএইচআই) মিলনায়তনে এক অনুষ্ঠানে হাম বিষয়ক গবেষণার এ ফলাফল প্রকাশ করা হয়। বিএসএইচআই এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) যৌথভাবে এই গবেষণা পরিচালনা করে।

গবেষণায় হাসপাতালে ভর্তি হওয়া ৩৫৪ জন শিশুকে অন্তর্ভুক্ত করা হয়। এতে দেখা যায়, আক্রান্ত শিশুদের ৪৩ শতাংশের বয়স ৩ থেকে ৯ মাসের মধ্যে। আক্রান্তদের ৩৮ শতাংশ শিশু জীবনের প্রথম ছয় মাস একচেটিয়া মায়ের বুকের দুধ পান করেনি। অন্যদিকে, হামে মারা যাওয়া শিশুদের ক্ষেত্রে এই হার ছিল ৮২ শতাংশ।

বয়স ও টিকাদানের ইতিহাস বিশ্লেষণ করে ৩৪১ জন শিশুকে চারটি দলে ভাগ করেন গবেষকরা। তথ্যে দেখা যায়, নয় মাসের কম বয়সী এবং নিয়ম অনুযায়ী টিকা নেওয়ার বয়স না হওয়া ১৪৬ জন শিশুর মধ্যে ১৪২ জন (৯৭.৩ শতাংশ) হামে আক্রান্ত ছিল। টিকা নেওয়ার বয়স হওয়ার পরও কোনো ডোজ না নেওয়া ১২৬ জনের মধ্যে ১২২ জন (৯৭ শতাংশ) হাম পজিটিভ শনাক্ত হয়। এছাড়া এক ডোজ টিকা নেওয়া ৪৮ জনের মধ্যে ৪৪ জন (৯২ শতাংশ) এবং দুই ডোজ টিকা নেওয়া ২১ জনের মধ্যে ১৬ জন (৭৬ শতাংশ) হামে আক্রান্ত পাওয়া গেছে।

তবে গবেষকরা স্পষ্ট করেছেন, দুই ডোজ টিকা নেওয়া শিশুদের ৭৬ শতাংশ আক্রান্ত হওয়ার এই হারকে সার্বিক টিকাপ্রাপ্তদের চিত্র হিসেবে দেখার সুযোগ নেই। যেহেতু হাসপাতালে ইতোমধ্যে সন্দেহভাজন হিসেবে ভর্তি হওয়া রোগীদের ওপর এই সমীক্ষা চালানো হয়েছে, তাই এই ফলাফল কেবল ওই ২১ জন শিশুর ক্ষেত্রে প্রযোজ্য। সম্পূর্ণ টিকা নেওয়ার পরও কেন তারা আক্রান্ত হলো, তা জানতে আরও গবেষণার প্রয়োজন বলে জানান তারা।

বিএসএইচআই গভর্নিং বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক মো. নুরুল ইসলাম এবং আইইডিসিআর-এর পরিচালক কাজী আহমেদ জাকি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএইচআই-এর পরিচালক অধ্যাপক মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম এবং আইসিডিডিআরবি-এর সিনিয়র ডিরেক্টর মুস্তাফিজুর রহমান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ