ইসরায়েলি হামলায় ইরানে নিহত মোট ৬১০ জন
টানা ১২ দিনের ইসরায়েলি আক্রমণে ইরানে অন্তত ৬১০ জন নিহত এবং ৪ হাজার ৭৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানান, আহতদের মধ্যে ৯৭১ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর অবস্থায় থাকা অনেক রোগীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, যাদের সংখ্যা ৬৮৭ জন।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, হতাহতদের মধ্যে নারী ও শিশুও আছে। নিহতদের মধ্যে রয়েছেন ১৩ জন শিশু, যাদের মধ্যে সবচেয়ে ছোটটির বয়স মাত্র দুই মাস। এছাড়া নিহত নারীর সংখ্যা ৪৯, যাদের মধ্যে দুইজন ছিলেন গর্ভবতী।
কেরমানপুর আরও জানান, হামলার শিকার হয়েছেন চিকিৎসা কর্মীরাও। প্রাণ হারিয়েছেন পাঁচজন স্বাস্থ্যকর্মী এবং আহত হয়েছেন আরও ২০ জন। এ ছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাতটি হাসপাতাল, ছয়টি জরুরি সেবাকেন্দ্র, চারটি ক্লিনিক ও নয়টি অ্যাম্বুলেন্স।
ভয়াবহ এই হামলায় ইরানের স্বাস্থ্যখাত চরম চাপের মুখে পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আহতদের চিকিৎসা এবং জরুরি সেবায় দেশজুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে