Views Bangladesh Logo

ডিএসসিসি এলাকায় ৬০ শতাংশ বাড়িতে মিলেছে ডেঙ্গুর লার্ভা: প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গুবাহী মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম।

শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর ওয়ারী এলাকায় এক পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

আব্দুস সালাম বলেন, ৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। সবাইকে সচেতন হতে হবে, যাতে বাসার আঙিনা, ছাদ ও ফুলের টবে কোথাও পানি জমে না থাকে। অন্যথায় ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া কঠিন হবে।

তিনি নগরবাসীর প্রতি নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তার মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডিএসসিসি প্রশাসক বলেন, তারেক রহমান নগর পরিবেশ ও জনস্বাস্থ্য বিষয়গুলো নিয়ে অত্যন্ত সচেতন। খেলার মাঠ থেকে শুরু করে নগরীর সার্বিক পরিস্থিতি তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

তিনি আরও বলেন, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে হলে সবার আগে নাগরিকদের সচেতন হতে হবে। পাশাপাশি জনগণের সমর্থনে নির্বাচিত মেয়র হওয়ার সুযোগ পেলে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আমূল পরিবর্তন আনা হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা দ্রুত বংশবিস্তার করে। তাই ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও নির্মাণাধীন স্থানে পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ