ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী
ভারতে এক সরকারি আদিবাসী আবাসিক হোস্টেলে কয়েকজন ছাত্রীর ওপর ভূত ভর করার গুজবকে কেন্দ্র করে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। এতে আতঙ্কিত হয়ে হোস্টেল ছেড়ে বাড়ি ফিরে গেছে অন্তত ৬০০ জন শিক্ষার্থী। এ ঘটনাটি দেশটির মহারাষ্ট্র রাজ্যের অমরাবতী জেলার মেলঘাট অঞ্চলের ডোমা গ্রামে ঘটেছে ।
সোমবার (১৭ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, আদিবাসী উন্নয়ন বিভাগ পরিচালিত ওই আবাসিক বিদ্যালয়ে ৮১০ জন ছাত্র-ছাত্রী থাকত। গত ২২ জুলাই চারজন ছাত্রী হঠাৎ অনিয়ন্ত্রিতভাবে হাসতে ও কাঁদতে শুরু করে এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে। এর পরই হোস্টেলে রাতের বেলা পায়ের নূপুরের আওয়াজ পাওয়ার দাবি করে কয়েকজন শিক্ষার্থী। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসজুড়ে ভূতের উপস্থিতি নিয়ে তীব্র গুজব ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উপজাতীয় বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বিদ্যালয়টি পরিদর্শন করেছে। তাদের মতে, এটি কোনো অলৌকিক ঘটনা নয় বরং মানসিক চাপজনিত ‘সিলেক্টিভ হিস্টেরিয়া’ হতে পারে।
অন্যদিকে, স্থানীয় আদিবাসী শিক্ষার্থীদের বিশ্বাস ছিল যে সম্প্রতি ক্যাম্পাসের একটি মহুয়া গাছ কেটে ফেলা, নর্দমার কাজের সময় স্থানীয় এক দেবতার মন্দিরের ক্ষতি হওয়া এবং পাশেই এক আদিবাসী যুবকের মৃত্যুর ফলে প্রেতাত্মারা ক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে শিক্ষার্থীদের মানসিকভাবে স্বাভাবিক করতে কাউন্সিলিং কার্যক্রম শুরু করেছে ‘মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতি’। তারা সবাইকে বিষয়টিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখার অনুরোধ জানিয়েছে।
এমন অবস্থায় শিক্ষার্থীদের নির্ভয়ে ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন অমরাবতীর স্থানীয় সংসদ সদস্য বলবন্ত ওয়াংখেড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চৌধুরী জানিয়েছেন, শিক্ষার্থীদের ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে এবং ইতোমধ্যে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরে আসতে শুরু করেছে।
সূত্র: এনডিটিভি
মতামত দিন