আপিল বিভাগের নির্দেশে কারা উপ মহাপরিদর্শক হলেন ছয় কর্মকর্তা
সিনিয়র আপিল বিভাগের নির্দেশে ছয় জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে কারা উপ মহাপরিদর্শক পদে নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন ও প্রতিবেদন রোববার আপিল বিভাগে দাখিল করা হয়েছে।
পদোন্নতি পাওয়া ছয় জন হলেন– মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া, মো. আনোয়ারুজ্জামান, মনির আহমেদ, নুরুননবী ভূঁইয়া, ইকবাল কবির চৌধুরী ও বজলুর রশিদ আকন্দ। তবে বিভাগীয় মামলা থাকায় ইকবাল কবির চৌধুরী ও বজলুর রশিদ আকন্দকে এখনও পদোন্নতি দেওয়া হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সচিবের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত বছরের ৪ ডিসেম্বর আদালতের আদেশ বাস্তবায়ন না করার ঘটনায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।
ওইদিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে হাজির হয়ে তারা ক্ষমা প্রার্থনা করেন। আপিল বিভাগ তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে পূর্ণাঙ্গভাবে আদেশ বাস্তবায়নের জন্য ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে