Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩১৬

দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৬ শিশুর শরীরে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত এক দিনে হাম উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৯ শিশু শনাক্ত হয়েছে। পাশাপাশি পরীক্ষায় আরও ৭৭ শিশুর শরীরে নিশ্চিত হাম পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯। একই সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ২০১ শিশুর।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ছয় মাসে হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৭৯ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ শিশু।

হাম উপসর্গে মৃত্যুও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৬। তবে গত এক দিনে নিশ্চিত হাম আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি।

এদিকে একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০ জনেই রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম উপসর্গে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা পর্যবেক্ষণে রেখে পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে চিকিৎসা কার্যক্রম চালু রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ