হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাঁদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে দুজন করে এবং চট্টগ্রাম ও বরিশার বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের সংক্রমণ ও মৃত্যুর তথ্য প্রকাশ করে আসছে। সরকারি হিসাবে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৬২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৩ জনের।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৪৩২ জন। এরপর সিলেট বিভাগে ১৬৯, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৮, চট্টগ্রামে ৭৬, বরিশালে ৬০, খুলনায় ৪০ এবং রংপুরে ১৪ জন মারা গেছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২১৫ জন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩০ জন, চট্টগ্রামে ২৭০, সিলেটে ১৫৮, বরিশালে ১৩৯, খুলনায় ৯০, ময়মনসিংহে ৭৩, রাজশাহীতে ২৯ এবং রংপুরে ২৬ জন রয়েছেন।
এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৮০৪। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৫। এ পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৪৬ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা করা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।
মতামত দিন