ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ২৩৯
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় একজন এবং রাজশাহী বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় তিনজন মারা গেছেন।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৯২৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় সর্বোচ্চ ৩৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ৩০১ জন, খুলনা বিভাগে ২৬৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৯ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, রাজশাহী বিভাগে ১৭৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৮ জন, ময়মনসিংহ বিভাগে ১২০ জন, রংপুর বিভাগে ৫৬ জন এবং সিলেট বিভাগে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশনসহ বিভিন্ন এলাকায় মারা গেছেন ১১৩ জন।
এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে পাঁচজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় রোগটির বিস্তার নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
মতামত দিন