আফগানিস্তানের কয়লা খনিতে দুর্ঘটনায় নিহত ৬
আফগানিস্তানের উত্তরাঞ্চলে বাগলান প্রদেশে একটি কয়লা খনি ধসে পড়ে অন্তত ছয়জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। স্থানীয় সময় মঙ্গলবার (২২ জুলাই) এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রাদেশিক কর্মকর্তারা।
প্রদেশটির সংস্কৃতি ও তথ্য দপ্তরের প্রধান সাইয়েদ মোস্তাফা হাশেমি বার্তা সংস্থা এএফপিকে জানান, খনির একটি অংশ হঠাৎ ধসে পড়লে নিহতদের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে একই অঞ্চলে অপর একটি কয়লা খনি ধসে পড়ে অন্তত ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল।
আফগানিস্তানে কয়লার পাশাপাশি মার্বেল, খনিজ পদার্থ, সোনা, লিথিয়াম এবং মূল্যবান পাথর খনন করা হয়। তবে খনি খাতে নজরদারির অভাব এবং পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম না থাকার কারণে প্রাণঘাতী দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।
২০২৪ সালের ডিসেম্বরেও দেশটির উত্তরাঞ্চলীয় সমানগান প্রদেশে একটি কয়লা খনি ধসে পড়ে ২২ জন শ্রমিক আটকা পড়েন। কয়েক ঘণ্টা পরে তাদের উদ্ধার করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে