হরমুজ প্রণালিতে বাংলাদেশের জাহাজ চলাচলে অনুমতির ইঙ্গিত
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেও বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে হরমুজ প্রণালি নিয়ে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটে বাংলাদেশসহ কয়েকটি ‘বন্ধুপ্রতিম’ দেশের জাহাজকে নিরাপদে চলাচলের অনুমতি দেওয়ার কথা জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি। বরং যেসব দেশ বা জাহাজ ইরানের সঙ্গে সমন্বয় করছে, তাদের নিরাপদ চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের মতো কয়েকটি দেশের পাশাপাশি বাংলাদেশও সমন্বয়ের মাধ্যমে এই সুবিধা পাচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট দেশের জাহাজগুলো প্রণালি দিয়ে তুলনামূলক নিরাপদে চলাচল করতে পারবে বলে জানানো হয়েছে।
তবে তিনি সতর্ক করে বলেন, যেসব দেশকে ইরান প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে বা চলমান সংঘাতে যুক্ত, তাদের জন্য প্রণালির ব্যবহার সীমিত বা বন্ধ থাকবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটি দিয়ে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়। ফলে উত্তেজনার কারণে সাম্প্রতিক সময়ে এই রুটে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যায়, যা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে