Views Bangladesh Logo

আবাসন কোম্পানির অফিসে হামলা, কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে একটি আবাসন কোম্পানির অফিসে ঢুকে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অফিসের এক কর্মচারীকে মারধর ও চাপাতি দিয়ে কোপানোরও অভিযোগ উঠেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শুভ (৩৬), মো. ইলিয়াস (২২), মো. মহসিন, মো. রিফাত (২০), ইমন মৃধা (১৮) ও সাব্বির (২২)। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম।

মামলার অভিযোগের বরাতে ওসি জানান, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে আট থেকে ১০ জনের একটি দল নবীনগর হাউজিংয়ের ৬ নম্বর সড়কে রয়েল অ্যাপার্টমেন্ট বিল্ডার্স নামে একটি আবাসন কোম্পানির অফিসে ঢোকে। সেখানে তারা ইজহারুল হক সেতু নামে একজনের খোঁজ করেন।

এ সময় অফিস সহকারী ইমরান তাদের জানান, সেতু অফিসে নেই। তখন ওই ব্যক্তির নাম ধরে গালিগালাজ শুরু করলে ইমরান এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা ইমরানকে মারধর করে এবং চাপাতি দিয়ে কোপায়। পরে তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়।

ইমরানের চিৎকার ও ডাকাডাকিতে আশপাশের লোকজন এগিয়ে আসার পরিস্থিতি তৈরি হলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

পুলিশ জানায়, ঘটনার পর অফিসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হয়। ওই ফুটেজের ভিত্তিতে হামলায় জড়িতদের শনাক্ত করে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে করা মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ