Views Bangladesh Logo

জাপানের টোকিওসহ বিস্তীর্ণ এলাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প

জাপানের রাজধানী টোকিওসহ পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৭ জন আহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) স্থানীয় সময় রাত ২টার দিকে আঘাত হানা ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে টোকিও ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। সর্বোচ্চ ৫ দুর্বল মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে কয়েকটি এলাকায়।

জাপানের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। ইবারাকি, সাইতামা, চিবা ও টোকিওর পাশাপাশি কানাগাওয়াতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়। এ ঘটনায় কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আহতদের বেশির ভাগই ভূমিকম্পের আকস্মিক কম্পনে ঘুম থেকে উঠে পড়ে গিয়ে কিংবা আসবাবপত্র ও অন্যান্য জিনিসের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়েছেন। কয়েকজনের আঘাত গুরুতর হলেও অধিকাংশের চোট তুলনামূলকভাবে কম বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভূমিকম্পের প্রভাবে টোকিও ও আশপাশের এলাকায় রেল চলাচলেও বিঘ্ন ঘটে। কয়েকটি ট্রেনের যাত্রা বিলম্বিত হয়। পাশাপাশি কিছু এলাকায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ভূমিকম্পের পর পরিস্থিতি পর্যালোচনা ও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে জাপান সরকার একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দপ্তর থেকেও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানানো হয়েছে। এদিকে জাপানের আবহাওয়া দপ্তর শক্তিশালী কম্পন অনুভূত হওয়া এলাকাগুলোতে আগামী এক সপ্তাহ পর্যন্ত সর্বোচ্চ ৫ দুর্বল মাত্রার আফটারশকের বিষয়ে সতর্ক থাকতে বলেছে।

জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়। এবারের কম্পনে টোকিওর ২৩টি ওয়ার্ডসহ কান্তো অঞ্চলের বিভিন্ন এলাকায় ৫ দুর্বল মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে।

সূত্র : এএফপি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ