Views Bangladesh Logo

আফগানিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে নিহত ৮

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুলে অন্তত ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার ইফতারের আগমুহূর্তে আঘাত হানা এই ভূমিকম্পে একটি ঘর ধসে পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটে। এতে এক শিশু গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯ এবং এর উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে ১৭৭ কিলোমিটার গভীরে। তবে পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র গভীরতা ১৯০ কিলোমিটার বলে উল্লেখ করেছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল কাবুলের উত্তর-পূর্বে হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায়।

শুক্রবার রাত ৯টা ১৩ মিনিটে (পিএসটি) অনুভূত এই কম্পনে আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তান ও ভারতের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে। ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, পেশোয়ারসহ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতের রাজধানী নয়াদিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে। তবে পাকিস্তানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে গড়ে প্রায় ৫৬০ জন মানুষ প্রাণ হারান। সর্বশেষ ভূমিকম্পের পর উদ্ধার অভিযান চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ