Views Bangladesh Logo

ভারতের উত্তর প্রদেশে টানা বৃষ্টিতে ৬০ ঘণ্টায় ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে টানা ৬০ ঘণ্টার অতিভারী বর্ষণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যজুড়ে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৪৬ জন। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, দুর্যোগে ১০৭টি গবাদিপশু মারা গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ২১টি ঘরবাড়ি।

রাজ্যের বিভিন্ন জেলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি সাতজনের মৃত্যু হয়েছে সীতাপুরে। লখিমপুর খেরি, বাহরাইচ ও বলরামপুরে পাঁচজন করে এবং অযোধ্যা ও গোরখপুরে চারজন করে মারা গেছেন। হরদোই জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সেখানে ২৮টি গবাদিপশু মারা যাওয়ার পাশাপাশি ২৭২টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) তথ্য বলছে, কয়েকটি এলাকায় স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত হয়েছে। ফারুখাবাদে স্বাভাবিকের চেয়ে প্রায় ২০০ গুণ, কানপুর নগরে ১৬০ গুণ এবং কনৌজ, কানপুর দেহাত ও হরদোইয়ে ১৩০ গুণ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্দা ও ফতেগড়েও ২২০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।

আইএমডি জানিয়েছে, মধ্যপ্রদেশ ও সংলগ্ন ছত্তিশগড়ের ওপর তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর প্রদেশের দিকে অগ্রসর হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অতিবৃষ্টির কারণে রাজ্যের মধ্যাঞ্চল ও তরাই এলাকার কয়েকটি অববাহিকায় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। রাতভর বৃষ্টি ও ঝোড়ো বাতাসে বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

এদিকে অতিবৃষ্টি ও জলাবদ্ধতা মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেছে বিরোধীরা। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব গঙ্গা এক্সপ্রেসওয়ের জলাবদ্ধতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। তিনি ব্যঙ্গ করে গঙ্গা এক্সপ্রেসওয়ের নাম ‘গঙ্গা এক্সপ্রেস ওয়াটারওয়ে’ রাখার কথা বলেন।

অন্যদিকে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দুর্গতদের দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করারও দাবি জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ