মিয়ানমারে চীনের সীমান্তবর্তী গ্রামে ভয়াবহ বিস্ফোরণ: নিহত অন্তত ৫৫
মিয়ানমারের উত্তরাঞ্চলে চীনের সীমান্তবর্তী কাওং তাত গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে। এ ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে চীন সীমান্তের পাশে নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
গ্রামটি নিয়ন্ত্রণকারী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, খনিশিল্পে ব্যবহারের জন্য সংরক্ষিত বিস্ফোরক উপাদান দুর্ঘটনাবশত বিস্ফোরিত হওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
টিএনএলএ এক বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করলেও নিহতের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেনি। তবে বিবিসি ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। এক টেলিগ্রাম বার্তায় টিএনএলএর রাজনৈতিক শাখা পালাউং স্টেট লিবারেশন ফ্রন্ট নিহত, আহত এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
সংগঠনটি জানিয়েছে, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় কারও গাফিলতি বা দায় প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ, চিকিৎসাসেবা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় এক বাসিন্দা লিখেছেন, প্রথম দিকে অনেকেই ধারণা করেছিলের এটি কোনো বিমান হামলা হবে।
টেলিগ্রাম পোস্টে বলেছে, এই বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন, আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পরিবারের প্রতি পালাউং স্টেট লিবারেশন ফ্রন্ট/টিএনএলএ গভীর সমবেদনা জানাচ্ছে। স্থানীয় সময় দুপুর ১২টায় ঘটা এই বিস্ফোরণের তদন্ত চলছে এবং এর জন্য দায়ী ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনা হবে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যত দ্রুত সম্ভব ত্রাণ, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
এদিকে, বিস্ফোরণের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে