সংরক্ষিত নারী আসন: প্রথম দিনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৫৪৪ জন
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রথম দিনেই বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫৪৪ জন প্রার্থী। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলীয় সূত্র জানায়, প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ২ হাজার টাকা। আগামী ১২ এপ্রিলের মধ্যে ফরম জমা দিতে হবে। ফরম জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত হিসেবে দিতে হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল।
জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে ৫০টি সংরক্ষিত নারী আসন। বর্তমান আসন বিন্যাস অনুযায়ী বিএনপি পাবে ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোট পাবে ১৩টি, আর স্বতন্ত্র প্রার্থীদের জন্য থাকবে ১টি আসন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে