Views Bangladesh Logo

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানালো ‘স্মৃতি ৭১’

মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৪ জন বীর মুক্তিযোদ্ধার তথ্য সংগ্রহ করেছে ‘স্মৃতি ৭১’ নামের একটি সংগঠন। তাঁদের অবদান স্মরণ এবং সম্মাননা জানাতে ‘মুক্তিযুদ্ধে জাহাঙ্গীরনগর’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত নয়জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই দাঁড়িয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। অন্য জীবিত মুক্তিযোদ্ধা এবং প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের কাছেও সম্মাননা স্মারক পৌঁছে দেওয়া হবে বলে জানান আয়োজকেরা।

১৯৭১ সালের ৪ জানুয়ারি ২২ জন শিক্ষক ও ১৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। একই বছরের ১২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়টির উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠার মাত্র দুই মাসের মাথায় শুরু হয় মুক্তিযুদ্ধ। বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের বেশ কয়েকজন শিক্ষার্থী সরাসরি যুদ্ধে অংশ নেন। এ ছাড়া স্কুল-কলেজে পড়ার সময় মুক্তিযুদ্ধে অংশ নেওয়া অনেকে পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হন। তাঁদের মধ্যে কয়েকজন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে মুক্তিযুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন ‘স্মৃতি ৭১’-এর অন্যতম সংগঠক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফারুক এইচ খান।

ফারুক এইচ খান বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গভীর সম্পর্ক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের অনেকে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। আবার মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পর আরও অনেকে এখানে পড়াশোনা করেছেন। মুক্তিযুদ্ধে অবদান রাখা কয়েকজন শিক্ষককেও সংগৃহীত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের তথ্য অনুসন্ধানের কাজ শুরু হয়। এর আগে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৩৩ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেই তালিকার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সঙ্গে সরাসরি আলোচনা এবং বিভিন্ন তথ্যসূত্র যাচাই করে এখন পর্যন্ত ৫৪ জনের নাম পাওয়া গেছে। তবে এ তালিকাকে চূড়ান্ত হিসেবে দেখছে না সংগঠনটি। ভবিষ্যতে আরও গবেষণা ও তথ্য যাচাইয়ের মাধ্যমে নতুন নাম যুক্ত হতে পারে। একই সঙ্গে কোনো তথ্য ভুল প্রমাণিত হলে তা সংশোধন বা বাদ দেওয়ার সুযোগও থাকবে।

আয়োজকেরা জানান, ‘স্মৃতি ৭১’ কোনো মুক্তিযোদ্ধা যাচাই বা প্রত্যয়নকারী প্রতিষ্ঠান নয়। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় কোনো অসংগতি থাকলে তা সংশোধনের সুযোগ রাখা হয়েছে। সংগঠনটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয় বলেও অনুষ্ঠানে স্পষ্ট করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস তুলে ধরতে সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়। এতে দেশাত্মবোধক গান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান এবং কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত মুক্তিযোদ্ধাদের অবদান সংরক্ষণ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান সংগঠকেরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ