নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ
নেপালের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কোশি প্রদেশের তাপ্লেজুং জেলার কাছাকাছি এলাকায় সৃষ্ট এ কম্পন ভারতের বিভিন্ন অঞ্চল ছাড়াও বাংলাদেশ, ভুটান ও চীনের কয়েকটি এলাকায় অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর বিভিন্ন স্থানে আতঙ্কিত বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ২ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থলের অবস্থান ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের (ইএমএসসি) তথ্যেও ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ উল্লেখ করা হয়েছে। তবে সংস্থাটির হিসাবে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের দার্জিলিং থেকে প্রায় ৯৪ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে।
নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, তাপ্লেজুং জেলার ওলাংচুং গোলা এলাকার কাছাকাছি ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। কাঠমান্ডুসহ নেপালের বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার এবং সিকিমের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের প্রভাব পড়ে। এ ছাড়া বিহারের কয়েকটি জেলাতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতের বিভিন্ন এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
সূত্র: মিন্ট
মতামত দিন