কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা–কর্মী ঢাকায় গ্রেপ্তার: ডিএমপি
রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে একটি ভবনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ১৫ আগস্ট উপলক্ষে শোক দিবসের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে তাঁরা সেখানে সমবেত হয়েছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপস্থিত ব্যক্তিরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিলেন। পরে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন