লেবাননে ইসরায়েলি তাণ্ডবে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত ৫০ হাজার ঘরবাড়ি, নিহত ছাড়াল ২৪০০
লেবাননে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবানন সরকারের এক সাম্প্রতিক প্রতিবেদনে এই ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বৈরুতে এক সংবাদ সম্মেলনে লেবাননের ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্টিফিক রিসার্চ (সিএনআরএস)-এর প্রধান শাদি আবদুল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।
সিএনআরএসের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৪৫ দিনের তীব্র লড়াইয়ে লেবাননজুড়ে ২১ হাজার ৭০০টি ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ৪০ হাজার ৫০০টি ঘরবাড়ি হামলার শিকার হয়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংস্থাটির দাবি, যুদ্ধবিরতির প্রথম তিন দিনেও হামলা পুরোপুরি থামেনি। ওই স্বল্প সময়ে আরও ৪২৮টি ঘরবাড়ি ধ্বংস এবং ৫০টি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে লেবাননের পরিবেশ মন্ত্রী তামারা জেইন বলেন, ইসরায়েলি বিমান হামলায় জনবসতিপূর্ণ এলাকা, সাধারণ মানুষের ব্যবহারের অবকাঠামো এবং উপাসনালয়গুলোকেও রেহাই দেওয়া হয়নি। আবাসিক ভবনের পাশাপাশি বিশাল কৃষিজমি এবং বনাঞ্চল পুড়ে যাওয়ায় দেশটির পরিবেশ ও অর্থনীতি দীর্ঘমেয়াদী হুমকির মুখে পড়েছে।
সরকারি তথ্যমতে, গত ২ মার্চ থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর লেবাননে নিহতের সংখ্যা ২ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে। প্রাণভয়ে নিজেদের ভিটেমাটি ছেড়ে পালিয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। রাজধানী বৈরুতসহ দক্ষিণ লেবাননের বিশাল অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
সূত্র-আল-জাজিরা

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে