Views Bangladesh Logo

মানসিক চাপে আত্মহত্যার ঝুঁকিতে মার্কিন রণতরির ৫ হাজার নাবিক: দ্য গার্ডিয়ান

মধ্যপ্রাচ্যে চলমান মার্কিন সামরিক অভিযানের কারণে প্রায় নয় মাস ধরে সমুদ্রে অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। দীর্ঘ সময় বন্দরে ভিড়তে না পারায় রণতরিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিকের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত ২১ নভেম্বর সান দিয়েগো বন্দর ছেড়েছিল ইউএসএস আব্রাহাম লিংকন। শুরুতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যাওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর রণতরিটিকে ওই অঞ্চলে পাঠানো হয়। এরপর টানা ২৫০ দিনের বেশি সময় ধরে সমুদ্রে রয়েছে এটি। দীর্ঘ সময় মোতায়েন থাকায় কয়েক দফা নাবিকদের দায়িত্বের মেয়াদ বাড়ানো হয়েছে। পরিবার থেকে দীর্ঘদিন দূরে থাকা এবং নিয়মিত বন্দরে নামার সুযোগ না পাওয়ায় তাঁদের মধ্যে মানসিক চাপ, অবসাদ ও মনোবল কমে যাওয়ার অভিযোগ উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, রণতরিতে পানি ও খাবার সরবরাহ নিয়েও বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি পয়োনিষ্কাশন ও প্লাম্বিংয়ের সমস্যায় নাবিকদের দৈনন্দিন জীবন আরও কঠিন হয়ে উঠেছে। এমনকি কয়েকজন নাবিক জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কাছে জবাব চেয়েছেন কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। তবে মার্কিন নৌবাহিনী আত্মহত্যার প্রবণতা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা বেড়েছে, এমন কোনো তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে। একজন নৌ কর্মকর্তা বলেন, দীর্ঘ সময় মোতায়েন থাকলে নাবিক ও তাঁদের পরিবারের ওপর যে চাপ তৈরি হয়, সে বিষয়ে নৌবাহিনী সচেতন। নাবিকদের স্বাস্থ্য ও সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে প্রচলিত সরবরাহব্যবস্থা কিছুটা ব্যাহত হওয়ার কথা স্বীকার করলেও ওই কর্মকর্তা দাবি করেন, রণতরিতে পরিষ্কার পানি ও স্বাস্থ্যকর খাবারের সরবরাহ অব্যাহত রয়েছে।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রণতরিটির পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে ‘সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’ বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি, নাবিকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল রবার্ট মুররেট বলেন, সাধারণত একটি বিমানবাহী রণতরি ছয় মাসের বেশি সময় মোতায়েন থাকে না। নিয়মিত বন্দরে অবস্থানের ফলে নাবিকেরা বিশ্রাম ও মানসিক পুনরুদ্ধারের সুযোগ পান। কিন্তু আব্রাহাম লিংকনের ক্ষেত্রে সেই সুযোগ হয়নি।

সামরিক বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় সমুদ্রে অনিশ্চয়তার মধ্যে থাকা নাবিকদের মানসিক স্বাস্থ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে কখন বাড়ি ফিরতে পারবেন, তা নিশ্চিত না থাকলে মানসিক চাপ আরও বাড়ে। যুদ্ধকালীন পরিস্থিতিতে দীর্ঘ কর্মঘণ্টা, একঘেয়েমি ও সর্বোচ্চ সতর্কতার মধ্যে দায়িত্ব পালনও পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।

বিশেষজ্ঞদের মতে, কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা নাবিকদের থাকলেও সেই সক্ষমতার ওপর অতিরিক্ত নির্ভর করে দীর্ঘ সময় অস্বাভাবিক চাপের মধ্যে রাখা ঠিক নয়। নাবিকদের মানসিক সুস্থতার জন্য বাড়ি ফেরার একটি স্পষ্ট সময়সীমা থাকা গুরুত্বপূর্ণ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ