Views Bangladesh Logo

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৪৩

 VB  Desk

ভিবি ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১ হাজার ৭৭ জন শিশু আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ও রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে প্রকাশিত হাম সংক্রান্ত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হলেও ল্যাব-পরীক্ষায় নিশ্চিত হামে নতুন কোনো শিশুর মৃত্যু হয়নি। এই নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৮৪৪ শিশুর মৃত্যু হলো।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে এখন পর্যন্ত ল্যাব-পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন শিশু। ফলে চলতি মেয়াদে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৩ জনে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ল্যাব-পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯১ জন এবং হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯৮৬ জন। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯০ জন শিশু এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে সমান সংখ্যক ৮৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২৫ আগস্ট পর্যন্ত দেশজুড়ে মোট সম্ভাব্য হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনে, যার মধ্যে ল্যাব-পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৮ হাজার ৫৭৮ জন। উল্লিখিত সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৫৪ জন, যাদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ