হাম ও উপসর্গে আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫
দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৫ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে এবং সিলেট বিভাগে দুজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৬৯ জনে।
এ ছাড়া একই সময়ে আরও ৯৪১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ১২৫ জনে।
মতামত দিন