ভারতে ধর্মীয় অনুষ্ঠানে মঞ্চ ধসে নিহত ৫, আহত ৪০
ভারতের উত্তরাঞ্চলে একটি ধর্মীয় অনুষ্ঠানে মঞ্চ ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫ জন প্রাণ হারিয়েছেন এবং ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) নয়াদিল্লির উত্তরে বাগপত জেলার একটি জৈন মন্দিরে প্রসাদ হিসেবে মিষ্টি নিতে জড়ো হন শতাধিক ভক্ত। সেই সময় কাঠের মঞ্চ ভেঙে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট অস্মিতা লাল এএফপিকে বলেন, ‘একটি কাঠের মঞ্চ ধসে পড়ায় ৫ জনের মৃত্যু হয়েছে।’
তিনি আরও জানান, ‘আহত ৪০ জনের মধ্যে ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।’
এনডিটিভি জানিয়েছে, প্রতি বছর জৈন দেবতা আদিনাথের মুক্তিলাভ উদযাপন উপলক্ষে এই কাঠের মঞ্চটি তৈরি করা হয়।
রাকেশ জৈন নামে এক ভক্ত স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘যখন পুরোহিতরা লাড্ডু (মিষ্টি) বিতরণ করতে যান তখন শত শত ভক্তসহ মঞ্চটি ধসে পড়ে।’
জনতার ভিড় নিয়ন্ত্রণে আনতে ব্যর্থতার এবং নিরাপত্তা ঘাটতির কারণে প্রায়ই ভারতে বড় ধর্মীয় উৎসবের সময় এমন প্রাণঘাতীর ঘটনা ঘটছে। সর্বশেষ গত বছর দেশটির উত্তর প্রদেশের হাথরাস জেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১২১ জনের মৃত্যু হয়।
এর আগে ২০১৬ সালে দক্ষিণাঞ্চলীয় কেরালায় নিষিদ্ধ আতশবাজির প্রদর্শনী থেকে সৃষ্ট বিস্ফোরণে ১১২ জন নিহত হন।
মতামত দিন