ফুলে ফুলে সাজুক ঘর: সারা বছর ফুল দেবে যে ৫ ইনডোর প্লান্ট
ঘরের ভেতরে সবুজের ছোঁয়া মনকে সতেজ রাখে, বিশেষ করে শীতের দিনে। আর গাছটি যদি ফুলের হয়, তবে বাইরে ফুল কমে গেলেও ঘরে থাকে গ্রীষ্মের বাগানের রং। ফুলের ইনডোর গাছের অনেকগুলোই পাতাবাহারি গাছের মতো সহজে বাড়ে।
তবে আবার ফুল ফোটাতে কিছু গাছের আলাদা যত্ন লাগে। সঠিক আলো, পানি, তাপমাত্রা ও সার পেলে এসব গাছ সপ্তাহ বা মাসজুড়ে ঘরকে সাজিয়ে রাখতে পারে, যেন একটি জীবন্ত ফুলের তোড়া। পাঁচটি ফুলের ইনডোর প্ল্যান্ট ও সেগুলোর যত্নের কৌশল নিচে দেওয়া হলো:
১. সাইক্ল্যামেন
সাদা, গোলাপি, লাল ও বেগুনি রঙের ফুল ফোটে এ গাছে। এর পাপড়িগুলো পেছনের দিকে বাঁকানো থাকে বলে ফুল দেখতে অনেকটা প্রজাপতির মতো। ফুল বেশি দিন টিকিয়ে রাখতে গাছটি ঠান্ডা ঘরে রাখুন, যেখানে তাপমাত্রা ৬০ থেকে ৭০ ডিগ্রি ফারেনহাইট (১৫ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস)। পরোক্ষ আলো এর পছন্দ, তাই পূর্ব বা উত্তর দিকের জানালার পাশে রাখা ভালো। আর্দ্র পরিবেশেও গাছটি ভালো থাকে। টবের নিচে পানিভরা নুড়িপাথরের ট্রে রাখলে বা কাছে হিউমিডিফায়ার চালালে আর্দ্রতা ঠিক থাকে।
সাইক্ল্যামেনের মূল পচে যাওয়ার ঝুঁকি আছে। তাই গাছের গোড়ায়, অর্থাৎ যেখানে মূল নিচের কাণ্ডের সঙ্গে মিশেছে, সেখানে পানি লাগানো যাবে না। এর বদলে টবটি পানিভরা পিরিচে রাখুন, যাতে টবের নিচের ছিদ্র দিয়ে মাটি পানি শুষে নেয়। পরে পিরিচের বাড়তি পানি ফেলে দিন।
গাছের বাড়ন্ত অবস্থা, কুঁড়ি আসা ও ফুল ফোটার সময় মাসে একবার সার দিন। বসন্তের শেষে পাতা হলুদ হতে শুরু করলে পানি ও সার দেওয়া বন্ধ করুন এবং গাছটিকে ঠান্ডা, আধো অন্ধকার বা অন্ধকার জায়গায় বিশ্রামে রাখুন। শরৎ পর্যন্ত এভাবে থাকবে।
২. আফ্রিকান ভায়োলেট
এই গাছ বেড়ে ওঠার পরিবেশ নিয়ে কিছুটা খুঁতখুঁতে হলেও রক্ষণাবেক্ষণ খুব কঠিন নয়। সামান্য অম্লীয় মাটিতে, অর্থাৎ ৬ দশমিক ০ থেকে ৬ দশমিক ৮ পিএইচের মাটিতে, এটি সবচেয়ে ভালো বাড়ে।
বেশি সারের দরকার নেই। দুই থেকে তিন মাস পরপর ২০-২০-২০ অনুপাতের ইনডোর গাছের সার বা আফ্রিকান ভায়োলেটের জন্য তৈরি বিশেষ সার দিলেই চলে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গাছটি সরাসরি রোদ পেলে উপকার পায়। তবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-অভ্যন্তরীণ অঞ্চলে (ডিপ সাউথ) শীতের রোদও খুব কড়া হয় বলে সেখানে এ নিয়ম খাটে না। বসন্ত ও গ্রীষ্মে উত্তর বা পূর্বমুখী জানালার সামনে নয়, পাশে রাখুন।
পাতায় পানি ছিটালে দাগ পড়ে ও রং নষ্ট হতে পারে। তাই নিচ দিয়ে সাধারণ তাপমাত্রার পানি দেওয়াই ভালো। তবে টবটি দীর্ঘ সময় পানিতে ডুবিয়ে রাখবেন না। গাছটির উষ্ণতা দরকার, কিন্তু অতিরিক্ত গরম নয়। আর্দ্রতাও তুলনামূলক বেশি লাগে। ঘরের বাতাস বেশি শুকনো হলে হিউমিডিফায়ার চালান বা নুড়ির ট্রেতে পানি দিয়ে তার ওপর টব রাখুন।
৩. ব্রোমেলিয়াড
ব্রোমেলিয়াড একটু ব্যতিক্রমী, কারণ এটি জীবনে মাত্র একবার ফুল দেয়। সবুজ পাতার মাঝখান থেকে লাল, হলুদ, কমলা, বেগুনি বা পিচ রঙের লম্বা ও উজ্জ্বল ফুলের মঞ্জরিপত্র বের হয়। সেগুলো কয়েক মাস সুন্দর থাকে।
ফুল ফোটার পর মূল গাছটি ছোট ছোট চারা জন্ম দেয়, যাকে সাধারণত 'পাপ' বলা হয়। মূল গাছ ধীরে ধীরে নেতিয়ে পড়লে এই নতুন চারাগুলোই চক্র চালিয়ে যায়। যত্ন নেওয়া সহজ, তবে পানি দেওয়ার নিয়মটি আলাদা। গাছটি মূলের চেয়ে বেশি পাতার মাধ্যমে পানি শোষণ করে। উজ্জ্বল পরোক্ষ আলোতে রাখুন এবং পাতাগুলো যেখানে মিলেছে, সেই মাঝখানের গর্তে সাধারণ তাপমাত্রার পানি ঢালুন। সপ্তাহে একবার এই পানি ফেলে গর্ত ধুয়ে নতুন পানি দিন।
৪. পিস লিলি
পিস লিলি ক্রান্তীয় অঞ্চলের গাছ, যা সুন্দর সাদা ফুল ও চকচকে সবুজ পাতার জন্য পরিচিত। উজ্জ্বল পরোক্ষ আলোতে এটি ভালো বাড়ে এবং ৬৪ থেকে ৭২ ডিগ্রি ফারেনহাইট (১৭ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রা পছন্দ করে।
নিয়মিত পানি দিয়ে মাটি সব সময় হালকা ভেজা রাখুন, তবে পানি জমতে দেবেন না। জমে থাকলে মূল নষ্ট হতে পারে। মাঝেমধ্যে সাধারণ তাপমাত্রার পানি পাতায় ছিটালে আর্দ্রতা ঠিক থাকে। ঝরে যাওয়া ফুল দেখামাত্র ছেঁটে ফেলুন। এতে গাছ তরতাজা থাকে এবং নতুন ফুল ফোটার সম্ভাবনা বাড়ে।
৫. কালাঞ্চো
কালাঞ্চো রসালো প্রজাতির ফুলগাছ, যা পূর্ণ রোদে ভালো থাকে, তবে রোদ যেন অতিরিক্ত কড়া না হয়। দিনের বেলা ৫০ থেকে ৭০ ডিগ্রি ফারেনহাইট (১০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রায় এটি সবচেয়ে ভালো বাড়ে। রাতের তাপমাত্রা ৪৫ থেকে ৬৫ ডিগ্রি ফারেনহাইট (৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস) হলে ফুলের আয়ু বাড়ে।
পানি সহজে নিষ্কাশন হয়, এমন মাটিতে গাছ লাগান। দুবার পানি দেওয়ার মাঝে মাটি সামান্য শুকাতে দিন। রসালো গাছ বাড়তি পানিতে সহজে ক্ষতিগ্রস্ত হয়, তাই বেশি পানি দেবেন না। বাড়ন্ত সময়ে মাসে একবার সাধারণ ইনডোর গাছের সার দিলে গাছ সুস্থ থাকে ও ফুল ভালো আসে। সঠিক যত্ন পেলে কালাঞ্চো ঘরের ভেতরে দীর্ঘ সময় রঙের ছোঁয়া দিতে পারে। এর রক্ষণাবেক্ষণও তুলনামূলক সহজ।
মতামত দিন