ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ, আরও একজনের ছাড়ার গুঞ্জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ছাড়া আরও একজন আজকের মধ্যে পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে। পদত্যাগ করা সবাই জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন।
তাদের পদত্যাগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ নাকচ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তিনি বলেন, ‘এখন পর্যন্ত পাঁচজনের পদত্যাগপত্র আমি পেয়েছি। তাদের মধ্যে গতকাল দুজন এবং আজ তিনজন পদত্যাগপত্র জমা দেন।’
পদত্যাগ করা পাঁচজন হলেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
এদিকে ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগও পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।
পদত্যাগ করা শিক্ষকদের একজন জানিয়েছেন, প্রক্টর তাকে ডেকে পদত্যাগের অনুরোধ করেছিলেন। ওই শিক্ষক বলেন, ‘স্যার আমাকে ডেকে পদত্যাগের অনুরোধ করেন। তখন আমি বলি, স্যার, তাহলে কি সুবিধা হয়? স্যার বলেন, পদত্যাগ করলে খুব ভালো হয়। পরে স্যারের অনুরোধে আমি পদত্যাগ করতে সম্মত হই।’
তবে পদত্যাগ করা আরেক শিক্ষক জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি পদ ছেড়েছেন। এখন একাডেমিক কাজে আরও বেশি মনোযোগ দিতে চান।
পদত্যাগের পেছনে প্রশাসনিক চাপের অভিযোগ প্রসঙ্গে প্রক্টর ইসরাফিল রতন বলেন, ‘বাংলাদেশের সবাই তো রাজনৈতিকভাবে সচেতন। এ ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা হাসলেও, কাঁদলেও রাজনৈতিক কিছু দেখতে পাই। তবে বিষয়টি শেষ পর্যন্ত তাঁরাই বলতে পারবেন। আমার পক্ষ থেকে এ ধরনের কোনো চাপ অনুভব করছি না বা ওই ধরনের কোনো চাপ প্রয়োগ করা হয়নি।’
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ২১ জন সহকারী প্রক্টর রয়েছেন।
মতামত দিন