গাজায় ইসরায়েলি হামলায় নিহত আল-জাজিরার ৫ সাংবাদিক
গাজার আল-শিফা হাসপাতালের সামনে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আল-জাজিরা টেলিভিশনের পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ হামলা চালানো হয়। এতে আরও দুজনের প্রাণহানি ঘটে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আল-জাজিরার নিহত সংবাদকর্মীরা হলেন আনাস আল-শরীফ (২৮), মোহাম্মদ কুরেইকেহ, ইব্রাহিম জাহের, মুয়ামেন আলিওয়া ও মোহাম্মদ নুফাল। তাদের মধ্যে আল-শরীফ উত্তর গাজা থেকে দীর্ঘদিন ধরে সংবাদ পরিবেশন করছিলেন।
হামলার কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আল-শরীফ লিখেছিলেন, গাজার পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে। তার সর্বশেষ ভিডিওতে প্রবল বিস্ফোরণের শব্দ এবং আকাশে ক্ষণিকের জন্য কমলা রঙের আলো দেখা যায়।
ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, আল-শরীফ হামাসের একটি শাখার নেতৃত্ব দিচ্ছিলেন এবং এ সংক্রান্ত প্রমাণ তাদের কাছে রয়েছে। তবে ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, আল-শরীফের দৈনন্দিন কাজ ছিল শুধুমাত্র মাঠ থেকে সংবাদ সংগ্রহ ও সম্প্রচার করা।
আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এক বিবৃতিতে গাজায় তাদের সাংবাদিকদের লক্ষ্য করে পরিচালিত অভিযানের নিন্দা জানিয়ে অবিলম্বে এই হামলার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে