Views Bangladesh Logo

নাইজেরিয়ায় বিষাক্ত মদ পানে ৪৯ জনের মৃত্যু

দক্ষিণ নাইজেরিয়ায় মিথানলযুক্ত বিষাক্ত দেশি মদ পান করে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ১০০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওন্দো রাজ্যের ওদিগবো ও আইরেলে স্থানীয় সরকার এলাকায় বিষক্রিয়ার ঘটনাটি ঘটে। এতে মোট ১৮২ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আক্রান্তদের অনেকের কিডনি অকেজো হয়ে গেছে, দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং মস্তিষ্কে ক্ষতি হয়েছে।

স্থানীয়ভাবে তৈরি উচ্চ অ্যালকোহলযুক্ত ঔষধি পানীয় ‘মাংকি টেইল’-এর সঙ্গে বিষাক্ত মিথানল মেশানোর কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রায় দুই সপ্তাহ আগে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

ওন্দো রাজ্য পুলিশের মুখপাত্র আবায়োমি জিমো জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে উৎপাদনকারীসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বর্তমানে পুলিশি তদন্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার গ্রামীণ এলাকায় সস্তা ও দুর্বল নিয়ন্ত্রণের কারণে স্থানীয়ভাবে তৈরি মদ বেশ জনপ্রিয়। এ ধরনের ঘটনা ঠেকাতে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন ও নিয়ন্ত্রণ সংস্থা শিশুদের নাগালের বাইরে রাখতে প্লাস্টিকের পাত্রে মদ বিক্রি নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ