বিএনপিসহ সমমনা দলের ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ চলছে
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা আরও একটি ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ চলছে।
আজ রবিবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়।
সপ্তাহের প্রথম কর্মদিবসে সড়কে যান চলাচল তুলনামূলকভাবে কম দেখা গেছে। তবে গত সপ্তাহে তিন দিনের অবরোধের তুলনায় সড়কে বেসরকারি ও গণপরিবহনের সংখ্যা বেশি।
গণপরিবহন পর্যাপ্ত না থাকায় অফিসগামী, শিক্ষার্থী ও অন্যান্য যাত্রীদের পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
এদিকে, ৪৮ ঘণ্টার অবরোধকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় ঢাকার নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, সায়েদাবাদ ও গুলিস্তান এলাকায় চারটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নাবিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এ নিয়ে ৪৮ ঘণ্টার অবরোধকে কেন্দ্র করে এ পর্যন্ত পাঁচটি গাড়ি পোড়ানো হয়েছে।
পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে সারা দেশে নজরদারি বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের জন্য তাদের ইউনিটগুলোকে সতর্ক করেছে।
ঢাকার প্রবেশপথ ও সব বড় স্থানে পুলিশ অবস্থান নিয়েছে এবং চেকপোস্ট স্থাপন করেছে।
দুই দিনের জন্য কর্মসূচি থামিয়ে বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষণা করেন, তার দল রবিবার সকাল থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধ পালন করবে।
সংবাদপত্র বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন এই অবরোধের আওতাবহির্ভূত থাকবে।
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে আজ সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে