৪৫তম বিসিএসে ১,৭০২ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ
প্রায় চার বছর ধরে চলা ৪৫তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া অবশেষে শেষ হলো। বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (১৪ অক্টোবর) রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে নিজ নিজ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ যোগ না দিলে ধরে নেওয়া হবে, তিনি নিয়োগ গ্রহণে আগ্রহী নন।
৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ৩০ নভেম্বর। ওই বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন জমা পড়ে প্রায় ৩ লাখ ৪৬ হাজার। এরপর ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা হয়। ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন।
লিখিত পরীক্ষার পর ২০২৫ সালের জুলাই থেকে কয়েক ধাপে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের নভেম্বরের শেষ দিকে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ১ হাজার ৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করে।
সুপারিশের প্রায় ১১ মাস পর এসে হলো নিয়োগের গেজেট। এ সময়ে যাচাই-বাছাই ও স্বাস্থ্য পরীক্ষার পর সুপারিশপ্রাপ্তদের মধ্য থেকে ১ হাজার ৭০২ জনের নাম গেজেটে ঠাঁই পেয়েছে, অর্থাৎ ১০৫ জন কম।
এর আগে ৪০তম বিসিএসে চূড়ান্ত ফল প্রকাশের পর নিয়োগের গেজেট হতে সময় লেগেছিল ২১৬ দিন। সেই তুলনায় এবার অপেক্ষা অনেক দীর্ঘ হয়েছে, যা নিয়ে প্রার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছিল।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল ২০২৬-এর ৯ম গ্রেডে মাসিক ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতন পাবেন।
মতামত দিন