নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের
নাইজেরিয়ার রিভার্স প্রদেশে তেল চুরির চেষ্টার সময় বিষাক্ত ধোঁয়ার কবলে পড়ে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ওক্রিকা ও আশপাশের এলাকার দুই শতাধিক তরুণ কাঠের নৌকায় করে জেটিতে জড়ো হয়েছিলেন। সেখানে একটি পাইপলাইনের অবৈধ সংযোগস্থল ব্যবহার করে পেট্রোলিয়ামজাত পণ্য সংগ্রহের চেষ্টা করছিলেন তারা। এ সময় পাইপলাইন থেকে বের হওয়া ঘন ও বিষাক্ত ধোঁয়ায় একের পর এক অসুস্থ হয়ে পড়েন অনেকে।
ঘটনাস্থলে তখন একটি জাহাজে রপ্তানির জন্য পেট্রোলিয়ামজাত পণ্য তোলার কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, তরুণেরা পাইপলাইনে অবৈধভাবে সংযুক্ত একটি ট্যাপিং পয়েন্ট থেকে নৌকায় পণ্য নেওয়ার চেষ্টা করছিলেন। উচ্চচাপে পাইপলাইনের মধ্য দিয়ে পেট্রোলিয়ামজাত পণ্য প্রবাহিত হওয়ার সময় সেখান থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়া নৌকায় থাকা লোকজনকে আক্রান্ত করে। কয়েকজন জ্ঞান হারিয়ে নদীতে পড়ে যান এবং ডুবে মারা যান।
পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে জানিয়েছেন, ঘটনার প্রকৃত চিত্র ও হতাহতের সংখ্যা নিশ্চিত করতে তদন্ত চলছে। এদিকে নাইজার ডেল্টাভিত্তিক পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টারও (ইয়েক-নাইজেরিয়া) বহু মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংগঠনটির নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে ফাইনফেস বলেন, নদীতে বেশ কয়েকটি মরদেহ ভাসতে দেখা গেছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি।
সংগঠনটির ভাষ্য অনুযায়ী, ইন্দোরামা এলেমে পেট্রোকেমিক্যালস এলাকা থেকে পোর্ট হারকোর্ট শোধনাগার করিডোর হয়ে রপ্তানির জন্য অপেক্ষমাণ জাহাজে পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহ করা হয় ওই পাইপলাইনের মাধ্যমে। উচ্চচাপে পণ্য পরিবহনের সময়ই অবৈধভাবে তা নৌকায় নেওয়ার চেষ্টা করছিলেন ওই তরুণেরা। ফলে বিষাক্ত ধোঁয়ার সরাসরি সংস্পর্শে এসে তারা প্রাণ হারান বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি নাইজেরিয়ার তেলসমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলে অবৈধ তেল সংগ্রহ ও চুরির ভয়াবহ ঝুঁকিকে আবারও সামনে এনেছে। অঞ্চলটিতে অপরিশোধিত তেল চুরি, অবৈধ শোধনাগার পরিচালনা এবং পেট্রোলিয়ামজাত পণ্যের বেআইনি পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। চলতি বছরের এপ্রিলে রিভার্স, ডেল্টা ও আকওয়া ইবোম প্রদেশে অভিযানে ১০টি অবৈধ তেল শোধনাগার ধ্বংস এবং নয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল নাইজেরিয়ার সেনাবাহিনী।
ওই সময় ১ লাখ ৩০ হাজার লিটারের বেশি চোরাই অপরিশোধিত তেল ও ২৬ হাজার লিটারের বেশি অটোমোটিভ গ্যাস অয়েল উদ্ধার করা হয়। এছাড়া গত ২৮ আগস্ট রিভার্স প্রদেশে দুটি অবৈধ তেল শোধনাগার ধ্বংস ও ৩৪ হাজার লিটার সন্দেহভাজন অবৈধভাবে পরিশোধিত অটোমোটিভ গ্যাস অয়েল উদ্ধারের তথ্য জানিয়েছিল দেশটির নৌবাহিনী।
মতামত দিন