আফগানিস্তানে স্কুলের কাছে গ্রেনেড বিস্ফোরণে আহত ৪২ শিশু, তদন্তের দাবি জাতিসংঘের
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণে অন্তত ৪২ শিশু আহত হয়েছে। জাতিসংঘের রাজনৈতিক মিশন ইউএনএএমএ মঙ্গলবার জানিয়েছে, আহতদের বয়স ৯ থেকে ১৪ বছরের মধ্যে। সোমবার কাবুলের পশ্চিমাঞ্চলের দশত-ই-বার্চি এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
স্থানীয় পুলিশ ও আফগান গণমাধ্যমের খবরে বিস্ফোরণের ঘটনায় আহতের সংখ্যা প্রায় ৫০ জন হতে পারে বলে জানানো হয়েছে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, একটি হ্যান্ড গ্রেনেডের বিস্ফোরণে কয়েকজন শিশু আহত হওয়ার খবর পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে দশত-ই-বার্চি এলাকায়, যা কাবুলের হাজারা সম্প্রদায়ের প্রধান বসতি হিসেবে পরিচিত। আফগানিস্তানে দীর্ঘদিন ধরে হাজারা সম্প্রদায়, যাদের অধিকাংশই শিয়া মুসলিম, বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীর হামলা ও নিপীড়নের শিকার হয়ে আসছে। বিশেষ করে ইসলামিক স্টেটের খোরাসান শাখার বিরুদ্ধে হাজারা অধ্যুষিত এলাকায় ধারাবাহিক হামলার অভিযোগ রয়েছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আফগানিস্তানবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেট। তিনি ঘটনাটিকে ‘জঘন্য হামলা’ হিসেবে উল্লেখ করে দায়ীদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিকও জানিয়েছেন, বিস্ফোরণের পরিস্থিতি ও কারণ অনুসন্ধানে তদন্তের প্রয়োজন রয়েছে।
দশত-ই-বার্চি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ইতিহাসও রয়েছে। ২০২১ সালের মে মাসে ওই এলাকার একটি স্কুলের সামনে পরপর তিনটি বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত এবং ২৪০ জন আহত হয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের বড় অংশ ছিল স্কুলফেরত কিশোরী। পরবর্তী সময়েও এলাকাটির শিক্ষাকেন্দ্রগুলোতে হামলার ঘটনা ঘটেছে।
নতুন এই বিস্ফোরণ এমন সময়ে ঘটল, যখন আফগানিস্তানের শিক্ষা খাতও গভীর সংকটে রয়েছে। তালেবান সরকারের বিধিনিষেধের কারণে মেয়েরা ষষ্ঠ শ্রেণির পর আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। একই সঙ্গে বিদেশ থেকে দেশে ফিরে আসা প্রায় ৯ লাখ শিশুর মধ্যে অধিকাংশই এখনো বিদ্যালয়ের বাইরে রয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। অর্থসংকট ও পর্যাপ্ত মানবিক সহায়তার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
মতামত দিন