Views Bangladesh Logo

গাজায় আরও ৪১ জন নিহত, মোট প্রাণহানি ৫৮৬৬৭

সরায়েলি বাহিনীর টানা অভিযানে আবারও রক্তাক্ত হলো গাজা। শুক্রবার (১৮ জুলাই) দিনভর বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪১ জন, আহত হয়েছেন আরও অন্তত ১১০ জন। সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এই অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৬৭ জনে, আর আহত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জন।

হামাসের ওই হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে গাজার বিভিন্ন এলাকায়।

চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশের চাপে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও, ১৮ মার্চ থেকে পুনরায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন সাত হাজার ৮৪৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ২৭ হাজার ৯৯৩ জন।

এদিকে, ধারণা করা হচ্ছে হামাসের হাতে আটক থাকা ২৫১ জন জিম্মির মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত আছেন। আইডিএফ জানিয়েছে, তাদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

গাজায় চলমান এ সহিংসতা থামাতে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও রাষ্ট্র ইসরায়েলকে বারবার আহ্বান জানালেও, তেল আবিবের অবস্থান অপরিবর্তিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ নিঃশেষ করা এবং সব জিম্মিকে মুক্ত করা পর্যন্ত সামরিক অভিযান চলবে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ‘গণহত্যা’ চালানো হচ্ছে অভিযোগে ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে বেশ কয়েকটি দেশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ