মেক্সিকোতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪১
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় তাবাস্কো রাজ্যে বাস ও ট্রেইলার ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পরে এ তথ্য জানায় দেশটির তাবাস্কো রাজ্যের সরকার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে তাবাস্কোর ছোট শহর এসকার্সেগার কাছে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় এবং সেটি সম্পূর্ণ পুড়ে যায় বলে ছবিতে দেখা গেছে।
বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্তা জানিয়েছে, বাসটিতে ৪৮ জন যাত্রী ছিলেন। এটি ক্যাংকুন থেকে তাবাস্কোর দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি ট্রেইলারের সঙ্গে বাসটির সংঘর্ষের ঘটনা ঘটে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে ট্যুরস অ্যাকোস্তা জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তারা কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করছে। তবে দুর্ঘটনার সময় বাসটি নির্ধারিত গতিসীমার মধ্যেই চলছিল।
এক ফেসবুক পোস্টে সংস্থাটি আরও জানিয়েছে, "জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদেরকে জানিয়েছে যে, তদন্ত কার্যক্রম ক্যাম্পেচে রাজ্যের ক্যান্ডেলারিয়া পৌরসভার প্রসিকিউটর কার্যালয়ে পরিচালিত হবে। এই কারণে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নিহত যাত্রীদের স্বজন ও বন্ধুদেরকে সেখানে যেতে হবে।’
তাবাস্কো রাজ্য সরকার জানিয়েছে, উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং নিহতদের শনাক্তকরণের কাজ চলছে।
এ ব্যাপারে তাবাস্কোর স্বরাষ্ট্র সচিব রামিরো লোপেজ বলেছেন, শনিবারের পরে নিহতদের সংখ্যা এবং তাদের পরিচয় সম্পর্কে একটি বিস্তারিত আপডেট জানাবে কর্তৃপক্ষ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে