আজ থেকে টানা ৪০ দিন বন্ধ থাকবে স্কুল
পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৪০ দিন বন্ধ থাকবে স্কুলগুলো। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী, রোববার (২ মার্চ) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ছুটি শুরু হচ্ছে। সরকারি ও বেসরকারি সব স্কুলের জন্য এ লম্বা ছুটি প্রযোজ্য।
শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি ২ মার্চ থেকে শুরু হবে। এ ছুটি শেষ হবে ৮ এপ্রিল। পবিত্র রমজান মাস শুরু হয়েছে ২ মার্চ থেকে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার এবং ১ মার্চ শনিবার হওয়ায় স্কুলগুলোতে সর্বশেষ ক্লাস ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) হয়। সে হিসাবে টানা ৪০ দিন বন্ধ থাকবে শিক্ষা কার্যক্রম। এ ছাড়া ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যেসব প্রতিষ্ঠানে এ পরীক্ষার কেন্দ্র রয়েছে, সেগুলোতে ছুটি আরও লম্বা হবে।
এ ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানান, ছুটির ঘোষণা দিয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এরইমধ্যে ছুটির নোটিশ টানানো হয়েছে। চলতি বছরের রমজান, ঈদুল ফিতরের ছুটির সঙ্গে এসএসসি পরীক্ষার ছুটি মিলে যাওয়ায় লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেয়ার তাগিদ দেয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে